কঠিন শর্তে ১শ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার
- আপডেট সময় : ১০:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
কঠিন শর্তে ১শ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার
আস্থা ডেস্কঃ
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) থেকে কঠিন শর্তের ১শ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার। দেশীয় মুদ্রায় যা ১২ হাজার ৩শ কোটি টাকা। ঋণের সুদের হার ৭ শতাংশের মতো, যা অন্য উন্নয়ন সহযোগী সংস্থার সুদের হারের চেয়ে বেশি। রেয়াতি সুবিধাও কম থাকবে এই ঋণে।
সরকারের ‘অনমনীয় ঋণ-সংক্রান্ত কমিটি’ এই ঋণ অনুমোদন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আইএসডিবির পক্ষ থেকে এই ঋণের বিষয়ে সম্মতির কথা জানানো হয় সম্প্রতি।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে অনমনীয় ঋণ-সংক্রান্ত কমিটি গতকাল মঙ্গলবার এই ঋণ গ্রহণের বিষয়টি অনুমোদন দিয়েছে।
ঋণটি আইএসডিবির লিজ ফাইন্যান্সিং মডেলে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সুদের হার নির্ধারণী সূচক সোফর-এর (সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটেটর) সঙ্গে অতিরিক্ত ১ দশমিক ৬০ শতাংশ স্প্রেড যোগ করে। বর্তমানে সোফর রেট ৫ শতাংশের মতো। সে হিসাবে সুদের মোট হার দাঁড়াবে ৬ দশমিক ৬০ শতাংশ।
ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সহযোগীদের কাছ থেকে সহজ শর্তে অর্থায়নের সুযোগগুলো সংকুচিত হয়ে আসায় সামষ্টিক জ্বালানি সংকট মেটাতে কঠিন শর্তের এই ঋণ নিতে সম্মত হয়েছে সরকার। বাজারভিত্তিক এবং উচ্চ ব্যয়সম্পন্ন বৈদেশিক ঋণের দিকে ঝুঁকতে হচ্ছে।
দৈনিক আস্থা/এমএইচ



















