ববিতে র্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ: প্রক্টর
- আপডেট সময় : ১২:০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
ববিতে র্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ: প্রক্টর
ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ (১৬ জুলাই/২৬) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোঃ মেহেদী হাসান সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাগিং এবং বুলিং একটি সামাজিক ও শাস্তিযোগ্য অপরাধ। এটি কোনো ব্যক্তির প্রতি ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর, বেদনাদায়ক এবং আক্রমণাত্মক আচরণ, যা শারীরিক বা মানসিক এবং একক অথবা দলবদ্ধভাবে হতে পারে। এই ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত করে।
কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে র্যাগিং বা বুলিংয়ের শিকার হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ছাত্র উপদেষ্টার শরণাপন্ন হবেন। সেখানে সমাধান না হলে বিভাগের চেয়ারম্যান, সভাপতি বা ছাত্র উপদেষ্টার মাধ্যমে প্রক্টর অথবা ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালকের অফিসে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া অফিসিয়াল ই-মেইল প্রেরণের মাধ্যমেও অভিযোগ দায়ের করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা বিধি অনুযায়ী র্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং বা বুলিং করা অথবা এতে উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।



















