১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১০৩৫ বার পড়া হয়েছে
১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আহসান হাবিবঃ
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাতে পারেন। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সরকার ও দলীয় সূত্রে জানা গেছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং একাধিক রাষ্ট্র ও সরকারের প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
নিউইয়র্কের আনুষ্ঠানিক কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফর করবেন। সেখানে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরের পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরসূচি এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম নিয়ে কাজ করছেন।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বড় পরিসরে একটি নাগরিক সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নেতাদের অংশগ্রহণে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে সমবেত হতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাবেন। তবে সফরের পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতির কাজ চলমান রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















