চুনারুঘাটে কর্মীর স্ত্রীর পরক্রিয়া; জামায়াত নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৩:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
চুনারুঘাটে কর্মীর স্ত্রীর পরক্রিয়া; জামায়াত নেতা বহিষ্কার
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিনগত রাত আনুমানিক ২টার দিকে চুনারুঘাট উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পেয়ে নুরুল ইসলাম সাজলকে আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
পরবর্তীতে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া ও সাজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় ছাড়িয়ে নেন।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, রাতে আমার স্ত্রীর সঙ্গে জামায়াত নেতা সাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আমি প্রতিবেশীদের ডাক দেই। পরে স্থানীয়রা এসে তাকে আটক করে। তবে পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুরুল ইসলাম সাজলের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
চুনারুঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জামায়াত নেতার বিরুদ্ধে নারী ঘটিত অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
দৈনিক আস্থা/এমএইচ



















