মৌলভীবাজার চা বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০৩৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার চা বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাটিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৬ আগস্ট) রোববার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উদনা চা বাগানের অমূল্য বাউরির ছেলে মঙ্গল বাউরী (৩৫) ও তাঁর স্ত্রী বিনতা বাউরী (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে মাটিউড়া চা বাগানের এক চৌকিদার আকাশি টিলা এলাকায় গাছের ডালে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
মন্সিবাজার ইউপি সদস্য ও উদনা বাগানের বাসিন্দা রামভজন গোয়ালা জানান, উদনা চা বাগানের বাসিন্দা বিধবা নারী বিনতা বাউরীর সঙ্গে একই বাগানের মঙ্গল বাউরীর সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে তারা দুজন পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর গত এক মাস ধরে তারা বাগানের বাইরে বসবাস করছিলেন। মঙ্গল বাউরীর প্রথম সংসারে এক সন্তান এবং বিনতা বাউরীর পূর্বের সংসারে ৩ সন্তান রয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















