বিএনপির বিরুদ্ধে এজাহারের পরদিন ডিসি ও ইউএনওর বদলি
- আপডেট সময় : ১১:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
বিএনপির বিরুদ্ধে এজাহারের পরদিন ডিসি ও ইউএনওর বদলি
স্টাফ রিপোর্টারঃ
নাটোরের জেলা প্রশাসককে প্রত্যাহার ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আলোচনায় আসেন তারা।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নাটোর জেলা প্রশাসক আসমা শাহিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অপরদিকে, রাজশাহী বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত অপর এক আদেশে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়।
এর আগে গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ-ভাঙচুর এবং সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগ উঠে একাধিক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় গত সোমবার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু মাসুদ রানা এবং বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শুকুর আলী বাদী হয়ে নিজ নিজ থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেন।
এজাহার দুটিতে বিএনপির ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১শ ৪০ থেকে ২শ জনকে অভিযুক্ত করা হয়।
অন্যদিকে, বাগাতিপাড়ায় সাতজনের নাম উল্লেখ করে আরও ১শ-১শ ৫০ জনকে অভিযুক্ত করে এজাহারে দায়ার করা হয়েছে।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট বা সরকারি কার্যালয়ে হামলার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে বিএনপি। তবে কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি বা দলীয় নেতাকর্মীদের ঢালাওভাবে মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
নাটোর পুলিশ সুপার বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো অফিসিয়াল বক্তব্য নেই।
দৈনিক আস্থা/এমএইচ



















