রাউজানে সাপের ছোবলে তান্ত্রিক নিহত
- আপডেট সময় : ১২:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
রাউজানে সাপের ছোবলে তান্ত্রিক নিহত
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের রাউজানে রাতের খাবার খাওয়ার সময় বিষধর সাপের কামড়ে রঘু দত্ত প্রকাশ রৈক্য বৈদ্য (৭০) নামে এক তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত সারদা চরণ দত্তের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পেশাগত কাজ শেষে ঘরে ফিরে নৈশভোজ করছিলেন রঘু দত্ত। এ সময় খাবার টেবিলের নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা হাসপাতালে নিয়ে যান।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীরা জানায়, রঘু দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় তান্ত্রিক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ তার কাছে কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসার জন্য আসতেন।
দৈনিক আস্থা/এমএইচ



















