খুলনাতে ২ যুবককে গুলি করে হত্যা
- আপডেট সময় : ১২:৩২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
খুলনাতে ২ যুবককে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
খুলনা মহানগরীর লবণচরা এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে মনজুরুল ইসলাম (১৮) ও নাজমুল ইসলাম (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাচ্ছিলেন মঞ্জু। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জু পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি এবং তিনি আশিবিঘা এলাকার বাসিন্দা খোকন সানার ছেলে।
মঞ্জুকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই একই এলাকায় নাজমুল নামের অপর এক তরুণকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা, যার ফলে তারও মৃত্যু হয়। নিহত নাজমুল স্থানীয় মনির শেখের ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, জোড়া হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা এতে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
দৈনিক আস্থা/এমএইচ



















