তিন ঘন্টার বৃষ্টিতেই পানিবন্দি হাজার পরিবার
- আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
তিন ঘন্টার বৃষ্টিতেই পানিবন্দি হাজার পরিবার
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ
তিন ঘন্টার ভারী বৃষ্টিতেই খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া ও দীঘিনালায় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সড়ক ও বসতবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২ টা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি নেমে এসে দীঘিনালা-মাইনি ও দীঘিনালা-কবাখালী সড়কসহ উপজেলার নিম্নাঞ্চল, জামতলী ও হিন্দুপাড়া এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন বসতবাড়ির আঙিনায় পানি উঠেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দীঘিনালায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে আসায় পরিস্থিতির অবনতি হয়।
দীঘিনালা মাইনি নদীর উপর নির্মিত চৌমুহনী
স্টিল ব্রিজের দুই পাশের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া দীঘিনালা-মাইনি ও দীঘিনালা-লংগদু সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। তবে এসব সড়কে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
অপর দিকে খাগড়াছড়ি জেলা শহরের গঞ্জপাড়া ও বটতলী এবং মুসলিমপাড়ায় বাসা-বাড়িতে পানি উঠে চরম দূর্ভোগে পড়েছে জনজিবণ।
আস্থা/এমএইচ



















