আরব আমিরাতে সিড়ি থেকে পড়ে জামশেদুল নিহত
- আপডেট সময় : ০৪:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১০০৫ বার পড়া হয়েছে
আরব আমিরাতে সিড়ি থেকে পড়ে জামশেদুল নিহত
স্টাফ রিপোর্টারঃ
সংযুক্ত আরব আমিরাতে নির্মাণকাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে আহত মোঃ জামশেদুল ইসলাম আলাউদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে আবুধাবির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জামশেদুল ইসলাম চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মোঃ নজরুল ইসলামের ছেলে। ৬ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
গত তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন মোঃ জামশেদুল ইসলাম।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত ১৬ আগস্ট আবুধাবির মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় নির্মাণ কাজ করতে গিয়েছিলো জামশেদুল। সেখানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়। পরে গতকাল শনিবার বিকেলে না ফেরার দেশে পাড়ি জমান জামশেদুল।
নিহতের ভগ্নিপতি ইসহাক মিয়া বলেন, জামশেদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। চলতি সপ্তাহের মধ্যেই তাঁর লাশ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
আস্থা/এমএইচ



















