এই প্রস্তাব ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি-ফু চং
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
এই প্রস্তাব ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি-ফু চং
আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচনকে অনুপযুক্ত উল্লেখ করে বেইজিং স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রস্তাব সংকট সমাধানে সহায়ক হবে না।
জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং বলেন, হরমুজ পরিস্থিতি নিয়ে একপেশে অবস্থান গ্রহণ করে কোনো প্রস্তাব পাস করা হলে তা সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।
নিরাপত্তা পরিষদে জমা দেওয়া মার্কিন-বাহরাইনের খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত মাসেও প্রায় একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করেছিল। তখন দুই দেশই অভিযোগ তোলে, প্রস্তাবের ভাষা সম্পূর্ণ একপেশে এবং তা কেবল ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি।
জাতিসংঘভিত্তিক সংবাদমাধ্যম ‘পাসব্লু’ তে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফু চং বলেন, ‘আমরা মনে করি না যে এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক। এমনকি এর জন্য নির্ধারিত সময়ও মোটেও উপযুক্ত নয়। এই জটিল মুহূর্তে কোনো জোড়াতালির প্রস্তাব পাস করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে সব পক্ষকে আন্তরিক কূটনৈতিক আলোচনায় উৎসাহিত করা।
দৈনিক আস্থা/এমএইচ






















