কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
- আপডেট সময় : ১১:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির বাবা-মা পেশায় রাজমিস্ত্রী।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক শাহাদাত হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাঠুরি গ্রামের রিকশাচালক মজনু মিয়ার ছেলে। সে কসবা পৌর এলাকায় বসবাস করত।
এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা প্রতিদিনের মতো আজ শুক্রবার সকালেও কর্মস্থলে চলে যান। এই সুযোগে সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত শাহাদাত চিপস ও জুস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালায়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় এলাকাবাসী টের পেয়ে অভিযুক্ত শাহাদাতকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় এজহার দাখিল করলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আজ দুপুর ১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে তাঁরা ধর্ষণের বিষয়টি জানতে পারেন। খবর পাওয়া মাত্রই কসবা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত কিশোর শাহাদাতকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
ওসি আরও জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এই ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















