মিরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
মিরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলের হামলায় আহমদ ডিলার (৭০) নামে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম হোসেন মিলন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পাশাপাশি সে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে বারবার তাকে সংশোধনের চেষ্টা করা হলেও সে আরও বেপরোয়া হয়ে ওঠেন। শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবন করা নিয়ে বাবা আহমদ ডিলারের সঙ্গে মিলনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করলে আহমদ ডিলার ঘটনাস্থলেই মারা যান। রাত ১২টার দিকে পুলিশ অভিযুক্ত মিলনকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















