মৃত্যুর আগে মাদ্রাসা ছাত্রীর ফেসবুকে পোস্ট
- আপডেট সময় : ০৪:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
মৃত্যুর আগে মাদ্রাসা ছাত্রীর ফেসবুকে পোস্ট
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছমত মিয়া মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাইসা আনঞ্জুম রামিসা শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ি এলাকার প্রবাসী মোঃ জামাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে রামিসা। এরপর বেশ কিছু সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে সিলিংয়ের ডাঁসার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়।
খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামিসার মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে রামিসার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে লিখেছিলেন, “হায়াতের কোনো বয়স নেই, কখন যে হঠাৎ চলে যেতে হয়, কেউ জানে না। কাউকে কোনো কথায় কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিয়েন, হঠাৎ যদি দেখেন, আমি আর নেই, মাফ করে দিয়েন।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আস্থা/এমএইচ















