এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা!
- আপডেট সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা!
স্টাফ রিপোর্টারঃ
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫শ ৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫শ ৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মহিতুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গ্রাহকের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিল হাতে পেয়ে হতবাক হন মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছাঃ আলেয়া খাতুন ও তার পরিবারের সদস্যরা।
বিলের কপি অনুযায়ী, এক মাসে ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২শ ৩৫ ইউনিট। এর বিপরীতে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪শ ৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪শ ২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১শ ৭১ টাকা ভ্যাট যোগ করা হয়েছে। সব মিলিয়ে বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫শ ৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫শ ৯৩ টাকা।
অপর দিকে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ মোট বিল দাঁড়াবে ৫শ ৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭শ ৬৪ টাকা।
তবে প্রকৃত হিসাবে ২শ ৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে গ্রাহকের বিল হওয়ার কথা মাত্র ১ হাজার ৯শ ৬৩ টাকা এবং বিলম্ব মাশুলসহ এ অর্থের পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৫৬ টাকা।
গত ১০ সেপ্টেম্বর বিলটি ইস্যু করা হয়েছে। এতে পরিশোধের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর। বিলটিতে গ্রাহকের শ্রেণি হিসেবে উল্লেখ করা হয়েছে ‘এলটি-এ (আবাসিক)’।
ভুক্তভোগী গ্রাহক মোছা. আলেয়া খাতুন বলেন, এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে গ্রাহকের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার হওয়া জরুরি।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম বলেন, গ্রাহকের মিটার পরিবর্তন হওয়ার কারণে ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় এই অস্বাভাবিক বিলটি তৈরি হয়েছে। বিলটি সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। একই সঙ্গে এই দায়িত্বহীন ভুলের পেছনে যাঁদের সম্পৃক্ততা রয়েছে, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মহিতুল ইসলাম বলেন, টাইপিং মিসটেকের কারণে এমনটি হয়েছে। বিলটি সংশোধন করে দেয়া হয়েছে এবং গ্রাহক বিলও পরিশোধ করেছে। এ ভুলের সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আস্থা/এমএইচ



















