এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা
- আপডেট সময় : ০১:৩৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দফা অব্যাহতি প্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
আজ সোমবার ৩ জুলাই/২৬) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বিকেল তিনটার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল ফেসবুকে একটি পোস্ট দেখতে পান।
অভিযোগ অনুযায়ী, এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সেটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরে থানায় মামলা দায়ের করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।’
দৈনিক আস্থা/এমএইচ


















