এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান
- আপডেট সময় : ১০:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক
এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এশিয়ার সাবেক আন্তর্জাতিক তারকাদের নিয়ে ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের। ছয়টি দল, ১৯টি ম্যাচ এবং এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের অংশগ্রহণে জমজমাট এক টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
লিগে অংশ নেওয়া ছয়টি দল হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। দলটির নেতৃত্বে থাকবেন দেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দলে থাকছেন, সাবেক অলরাউন্ডার আলোক কাপালিও। এছাড়া টুর্নামেন্টে আরও খেলবেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
৩১ জুলাই ডাবল-হেডারে প্রথমে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলাদেশ টাইগার্স, প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।
মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।
প্রসঙ্গত, সাকিব আল হাসান বর্তমানে রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছেন এবং দেশে ফিরতে পারছেন না। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলা ও নিরাপত্তার শঙ্কা থাকায় তিনি আর বাংলাদেশে আসতে পারেননি, তবে বাইরে বিভিন্ন লিগে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন।



















