কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়ায় বাড়ির গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় প্রতিপক্ষের লোকজন তোহাকে লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পটিয়ার একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ








