রমজান নিয়ে কটূক্তি করায় বরখাস্ত হলো কলেজ অধ্যক্ষ
- আপডেট সময় : ০২:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১০৯০ বার পড়া হয়েছে
রমজান নিয়ে কটূক্তি করায় বরখাস্ত হলো কলেজ অধ্যক্ষ
রানা সাত্তারঃ
রমজান নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মোঃ মমিনুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সেলিনা আক্তার শেলী ফেসবুকে পবিত্র রমজান মাসের আরবি উচ্চারণ ‘রামাদান’কে কটাক্ষ করে পোস্ট দেন। ফলে অসংখ্য মানুষ ফেসবুকে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়ার পাশাপাশি বন্দর এলাকায় প্রতিবাদ মিছিল-সমাবেশের আয়োজনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাতে সাম্প্রদায়িক উসকানিসহ সরকারকে অস্থিতিশীল ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলার পরিস্থিতি তৈরি হয়।
চাকুরী প্রবিধানমালা-১৯৯১-এর ৩৯ মোতাবেক সুস্পষ্ট অসদাচরণ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা-২০১৯-এর বিধি ৬.২ ও বিধি ১০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮-এর ২৮ ও ৩১ ধারা মোতাবেক দণ্ডযোগ্য ফৌজদারি অপরাধ। যার কারণে সেলিনা আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও প্রবিধানমালা-১৯৯১-এর ৪৫ ধারায় চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।






















