কালীগঞ্জে কৃষক দলের নেতা বহিষ্কারের পর আটক
- আপডেট সময় : ০৯:৫১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
কালীগঞ্জে কৃষক দলের নেতা বহিষ্কারের পর আটক
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর আটক করেছে পুলিশ। শাহ আলম উপজেলার দুহুলী এলাকার রমজান আলীর ছেলে।
বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শাহ আলমকে পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে আটক করা হয়েছে।
আস্থা/এমএইচ



















