খাগড়াছড়ির ৩০ গ্রামের হাজারো মানুষ পানিবন্দি
- আপডেট সময় : ০২:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
টানা বৃষ্টি বন্ধ হওয়ার কারণে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও জেলায় এখনো ৩০টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবার গত চার দিন যাবৎ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন পার করছে। জেলার দীঘিনালা ভাসছে পানিতে, মেরুং–এ ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় গত চার দিন যাবৎ খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যাদুর্গত এলাকায় জেলা প্রশাসন, জেলা পরিষদ সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
এদিকে শনিবার (১১ জুলাই) বিকালে খাগড়াছড়ি বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, জেলায় সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দি ও সাড়ে ৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসন, জেলা পরিষদ সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি বারো বলেন, বন্যায় জেলার বিভিন্ন স্থানে অভ্যন্তরীন ও গ্রামের সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় অন্তত হাজারের বেশি হেক্টর জমির আমন বীজ তলা, আউশ চারা, সবজির ক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। শতশত পুকুরের মাছ ভেসে গেছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে শতাধিক বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাতে জেলা প্রশাসনকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ২শ মেট্রিকটন চাল, ২০ লাখ টাকা ও জেলা পরিষদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৪শ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















