চুয়াডাঙ্গায় ট্রেইনের ধাক্কায় বৃদ্ধা নিহত
- আপডেট সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ট্রেইনের ধাক্কায় বৃদ্ধা নিহত
স্ট্যাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর রেল স্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৬ই আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনি খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মিনি খাতুনকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেইনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ বলেন, নিহতের বড় ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের বর্তমান ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।
দৈনিক আস্থা/এমএইচ



















