নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০৩৩ বার পড়া হয়েছে
নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বিধান চন্দ্রের বাবা রনজিত কুমার ও মা মমতা রানীকে পাঁচ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ রোববার (২৩ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নিহত নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট, আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন বলেন, মাত্র ছয় কার্যদিবসের মধ্যে চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলিত বছর ১৬ জুন বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সাত বছর বয়সী শিশু নন্দিনী।
পরিবারের সদস্য ও স্থানীয়রা সারারাত খোঁজা খুঁজি করেও তার সন্ধান পাননি। পরেরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা বিধান চন্দ্রকে আটক করতে যায় এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান।
এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আস্থা/এমএইচ



















