পলাতক নিরাপত্তা প্রহরী রংপুর থেকে আটক: উদ্ধার ১৫ লাখ টাকা
- আপডেট সময় : ১০:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
পলাতক নিরাপত্তা প্রহরী রংপুর থেকে আটক: উদ্ধার ১৫ লাখ টাকা
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইআইইউসি) সংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনার মূলহোতা নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী (৫৬)-কে আটক করেছে পুলিশ।
রংপুর জেলা থেকে তাকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮শ ২৮ টাকা।
পুলিশ জানায়, গত ২৪ জুন দুপুরে আইআইইউসি ফি কালেকশন এটিএম বুথের কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বাইরে গেলে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথের ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে আসামির অবস্থান শনাক্ত করে। আটক এড়াতে আসামি কক্সবাজার ও পরবর্তীতে রংপুরে আত্মগোপন করেছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল রংপুরে অভিযান চালিয়ে আসামিকে আটক করে।
আটককৃত আইয়ুব আলীর স্থায়ী বাড়ি কক্সবাজার সদরের বৈদ্যেরঘোনা এলাকায়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা (নং-৫৬) দায়ের করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















