বন্যায় পাটগ্রামে সড়ক ভেঙে চলাচলে দুর্ভোগ
- আপডেট সময় : ০১:০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
বন্যায় পাটগ্রামে সড়ক ভেঙে চলাচলে দুর্ভোগ
স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আঞ্চলিক সড়ক ভেঙে যাওয়ায় প্রায় দুই থেকে তিন হাজার পরিবারের চলাচলের পথ একেবারেই বন্ধ হয়ে পড়ে।
বুধবার (৫ আগস্ট) তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হলেও বৃহস্পতিবার পানি নেমে যাওয়ার সময় সড়কের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, উজান থেকে নেমে আসা তিস্তার ঢলে বুধবার সন্ধ্যা থেকে নদীর পানি বৃদ্ধি পায়। এতে দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০/১২ টি এলাকায় পানি ঢুকে পড়েছে। যদিও বৃহস্পতিবার ভোর থেকে আস্তে আস্তে পানি কমতে শুরু করে।
তিস্তার বন্যায় ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সিসটিয়ারপাড়, আঙ্গোরপোতা, ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড় ও সাকোয়াপাড়া এলাকা প্লাবিত হয়।
স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ একর আমন ধানের জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমে যাওয়ায় ফসলের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
বন্যার পানি নেমে যাওয়ার সময় দহগ্রামের ১ নম্বর ওয়ার্ডের সৃষ্টিয়ারপাড় এলাকায় সাকোয়া নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের সিসটিয়ারপাড় থেকে আঙ্গোরপোতা ও পাটগ্রামগামী আঞ্চলিক পাকা সড়কের প্রায় ২০ থেকে ২২ ফুট অংশ ভেঙে প্রায় ১০ ফুট গভীর বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
এতে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ২/৩ হাজার পরিবারের চলাচল পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশু নিয়ে এসব পরিবার চরম দুর্ভোগের কবলে পড়েছে।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা, আব্দুর রহিম ও কমল চন্দ্র রায় বলেন, ‘সকালে এসে দেখি রাস্তা ভেঙে গেছে। এ রাস্তা ঠিক না করলে চলাচল করা সম্ভব না। ভাঙা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে যাওয়ার ভয় আছে। অনেক পরিবার নিদারুণ দুঃখ-কষ্টের মধ্যে পড়েছে।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘বন্যায় রাস্তা ভেঙে যাওয়ার ঘটনা জেনে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তারা লোকজন নিয়ে দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করবেন বলে জানিয়েছে।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আজ-কালের মধ্যে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হবে বলে তিনি জানান।



















