ব্রাহ্মণবাড়িয়ায় চলছে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত-২০
- আপডেট সময় : ০২:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় চলছে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত-২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে থেমে থেমে এ সংঘর্ষ চলছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুচপাট করা হয়েছে। এছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে খাদিম নিহত হন।
পরে গতকাল রবিবার দিবাগত রাতে দুপক্ষের
সংঘর্ষে ১ জন নিহত হয়। সোমবার বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর আজ মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, আজকেও থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
দৈনিক আস্থা/এমএইচ



















