ভারতে প্রতিবেশীর গুলিতে একই পরিবারের ছয়জন নিহত
- আপডেট সময় : ০২:১৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১০৭৬ বার পড়া হয়েছে
ভারতে প্রতিবেশীর গুলিতে একই পরিবারের ছয়জন নিহত
আস্থা ডেস্কঃ
ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় প্রতিবেশীর গুলিতে হাতে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ছয়জন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। ভূমি বিরোধের জেরে স্থানীয় সময় আজ শুক্রবার (৫ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন বলছে, সামাজিকমাধ্যমে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, নিরস্ত্র কয়েকজন ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন বন্দুকধারী কয়েকজন।
জানা গেছে, মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে এ ঘটনা ঘটেছে। সেখানকার ধীর সিং তোমার ও গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে বিরোধ ছিল। এর আগেও দুই পরিবার সংঘাতে জড়িয়েছিল। ২০১৩ সালে ময়লা ফেলা নিয়েও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ধীর সিংয়ের পরিবারের দুজন মারা যান এবং গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।
দুই পরিবারের সে বিতণ্ডতার মিটমাট হয় আদালতের বাইরে। পরে গজেন্দ্র সিং ও তার পরিবার ফিরে আসে। এবার নিহতদের মধ্যে গজেন্দ্র সিং ও তার দুই ছেলে আছে। অভিযোগ উঠেছে, ধীর সিংয়ের পরিবার হামলার পর গুলি চালিয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত আটজনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সূত্র: এনডিটিভি।





















