ভিক্ষুককে কম দামে ওষুধ দেওয়ায় ফার্মেসি বন্ধ
- আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
ভিক্ষুককে কম দামে ওষুধ দেওয়ায় ফার্মেসি বন্ধ
আস্থা ডেস্কঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় ভিক্ষুককে মানবিক কারণে কম দামে ওষুধ দেওয়ায় ‘প্রগতি মেডিকেল হল’ নামে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক ভিক্ষুক একটি ভিটামিন সিরাপ কিনতে ওই ফার্মেসিতে যান। ওষুধটির দাম ছিল ৩৫০ টাকা, তবে ওই বৃদ্ধের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তার অসহায়ত্ব বিবেচনা করে ফার্মেসির পরিচালক সুদীপ্ত মাত্র ১০০ টাকায় ওষুধটি দেন।
অভিযোগ রয়েছে, নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে ওষুধ বিক্রি করায় সমিতির কিছু সদস্য ক্ষুব্ধ হন এবং বিকেলে দোকানটি এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল বলেন, মানবিক কারণে নয়, বরং ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে দোকানটি তাদের নিজস্ব সিদ্ধান্তে বন্ধ রাখা হয়েছে।
এদিকে স্থানীয় ক্রেতাদের অভিযোগ, সমিতির সিন্ডিকেটের কারণে ওষুধের ওপর আগে যে ১০ শতাংশ ছাড় ছিল তা এখন আর পাওয়া যাচ্ছে না।
কিছু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সমিতির মাধ্যমে জরিমানা ও চাপ সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, কোনো ব্যক্তিগত সংগঠন বা সমিতির এভাবে একটি আইনসম্মত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো আইনি ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















