ভিসা নীতি পুলিশের উপর কোন প্রভাব পড়বে না
- আপডেট সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৬৬ বার পড়া হয়েছে
ভিসা নীতি পুলিশের উপর কোন প্রভাব পড়বে না
আস্থা ডেস্কঃ
ভিসা নীতির আওতায় কারা পড়বেন, তা নিয়েও আছে নানা মত। তবে পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ভিসা নীতি নিয়ে কর্মকর্তাদের এত চিন্তার কিছু নেই। যাঁর যে দায়িত্ব, সেটা যথাযথভাবে পালন করলেই এ নিয়ে ভয় থাকার কথা নয়। এই ভিসা নীতির আওতায় গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী সরকারি ও আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন ভিসা নীতি পুলিশের কাজে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা বলেন, পুরো বিষয়টা নিয়ে এখনো তাঁরা অন্ধকারে রয়েছেন। কোন পর্যায়ের কর্মকর্তা এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন, কোন ধরনের কাজের জন্য তালিকা করা হচ্ছে, এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার। এ নিয়ে সব কর্মকর্তার মধ্যে একধরনের চাপা উদ্বেগ বিরাজ করছে। বিষয়টি নিরসনে পুলিশ সদর দপ্তরে বৈঠক করা প্রয়োজন।
ভিসা নীতি প্রয়োগ শুরুর পর গত দুই দিনে পুলিশের মাঠপর্যায়ের পরিদর্শক থেকে উপমহাপরিদর্শক পদমর্যাদার ১০ জন ও সাবেক ২ জন মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা বলেছে। বর্তমান কর্মকর্তারা নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বলেছেন, আইনের মধ্যে থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করতে পারলেও নির্বাচনের সময় মাঠে কাজ করার সময় কোনটা ঠিক, কোনটা ভুল, তা নির্ণয় করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়বে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করলেও দিন শেষে খারাপ কিছুর দায়ভার পুলিশকেই নিতে হয়। তাই ওই সময়ে ঝামেলা এড়াতে মাঠে না থেকে অফিসে কাজ করতে আগ্রহী তাঁরা।
পুলিশের সাবেক আইজি নুরুল হুদা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের উপর মার্কিন ভিসা নীতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কাজে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচন বা নির্বাচনের বাইরে পুলিশের ওপর যে দায়দায়িত্ব থাকবে, ঊর্ধ্বতনসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা তা যথাযথভাবে পালন করলে এ নিয়ে ভয়ের কিছু নেই।
পুলিশের আরেক সাবেক আইজি এ কে এম শহীদুল হক এর বক্তব্য, শুধু মানবাধিকারের ব্যাপারে সতর্ক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সহায়তা করবে। অতিরিক্ত কিছু না করলেই হলো।
ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, দুই লাখ পুলিশ সদস্যের পরিবারের কতজনই আর যুক্তরাষ্ট্রে যেতে চান? খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ পুলিশের ওপর এই ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না।
ভিসা নীতির সঙ্গে ডিএমপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশ সংবিধান ও পুলিশ প্রবিধান অনুযায়ী তাঁদের যথাযথ দায়িত্ব পালন করবেন। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।















