মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্য ১৯ জুলাই
- আপডেট সময় : ০২:২২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১০০৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে থেঁতলে হত্যার ঘটনাটি প্রায় এক বছর পর আনুষ্ঠানিক বিচারে গড়িয়েছে। গত ১২ জুলাই ঢাকার আদালত এই মামলায় ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। একই আদেশে আদালত মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেছেন।
গত বছরের (২০২৫ সালের) ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিটের টুকরো ও পাথর দিয়ে মাথা থেঁতলে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন সোহাগের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চলতি বছরের ১০ মে পুলিশ আদালতে ২১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। ২১ জন আসামির মধ্যে ১৩ জন আটক হয়ে কারাগারে ও জামিনে আছেন, এবং ৮ জন পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্তদের পলাতক আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















