রামপালে বিএনপি নেতাদের নামে মামলা, প্রতিবাদে উত্তাল নেতাকর্মীরা
- আপডেট সময় : ০৫:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
রামপালে বিএনপি নেতাদের নামে মামলা, প্রতিবাদে উত্তাল নেতাকর্মীরা
রামপাল প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব এস.এম. আলমগীর কবির বাচ্চুর নামে দায়ের করা কথিত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, পূর্বশত্রুতার জেরে সংঘটিত সদ্য সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই মাসুদ গাজী বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলা যুবদলের সদস্য সচিব এস.এম. আলমগীর কবির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমানসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

তবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের এই মামলায় জড়ানো হয়েছে।
মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “জনপ্রিয় ও সক্রিয় রাজনৈতিক নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।”
পরে নেতাকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
এদিকে, দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
















