সিলেটে আ.লীগ নেতাসহ ৩ জনকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
সিলেটে আ.লীগ নেতাসহ ৩ জনকে গলা কেটে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা “নিকুঞ্জ ভিলা”র ভেতরে এঘটনা ঘটে।
মিতালী আবাসিক এলাকার সাধারণ সম্পাদক নাজমুল হক নাজু বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার ভেতরে রক্তাক্ত মরদেহগুলো দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে তাঁদের গলা কাটা লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার স্বীকার আব্দুস সাত্তার (৮২) সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাঁদের গৃহকর্মী তাহমিনা বেগম মালু।
পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার (১১ আগস্ট) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর ঘেরা এই বাড়িটিতে প্রবেশ করে এবং অত্যন্ত নৃশংসভাবে তিনজনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পূর্ব শত্রুতা, রাজনৈতিক কোন্দল নাকি ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অপরাধীদের দ্রুত শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, খবর পাওয়ার পরপরই থানা পুলিশ, সিআইডি (CID) এবং পিবিআই (PBI)-এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। তাদের ৪ সন্তানই বর্তমানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রবাসী।
দৈনিক আস্থা/এমএইচ



















