হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতি কালে আটক-৪
- আপডেট সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতি কালে আটক-৪
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুলসংখ্যক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মোঃ সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মোঃ আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মোঃ আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুর কোতয়ালী থানার রামপুরা এলাকার প্রাইভেটকারচালক মোঃ মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।
পুলিশ জানায়, হাতীবান্ধা থানার এসআই মোঃ জাকিউল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফিরছিলেন। পথে দক্ষিণ গড্ডিমারী এলাকায় একটি সাদা প্রাইভেটকার সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।
পুলিশের গাড়ি প্রাইভেটকারটির সামনে অবস্থান নিলে পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে আরও ৭-৮ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে ৪ জনকে আটক করে অন্যরা পালিয়ে যায়।
পরে প্রাইভেটকার তল্লাশি করে ব্যাটারিচালিত ১টি গ্রাইন্ডিং মেশিন, ব্যাটারিচালিত ১টি ড্রিল মেশিন, ৮টি ড্রিল বিট, ৪টি গ্রাইন্ডিং ব্লেড, ৪টি স্লাইড রেঞ্চ, ১টি প্লাস, ২টি ক্যাবল কাটার প্লাস, ২টি হ্যাক্স ব্লেড, ৩টি স্ক্রু ড্রাইভার, ২টি লোহার ছেনী, ১৫টি বিভিন্ন ধরনের চাবি, ২টি কসটেপ, ১টি ছোরা ও ১টি লোহার দা উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করে দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মানবপাচারসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও রয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান সরকার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও আদালতের ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে। ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















