নরসিংদী মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে লা’শ উদ্ধার
- আপডেট সময় : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
নরসিংদী মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে লা’শ উদ্ধার
জেলা প্রতিনিধিঃ নরসিংদী পৌর এলাকায় জেলা কারাগারের সামনের একটি বাস থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (৮ জুন) সিলেটের হুমায়ূন চত্বর থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে ওঠেন ওই বৃদ্ধ। ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় তার নামার কথা থাকলেও তিনি নামেননি। এ সময় বাসটি নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঘুমন্ত মনে করে ওই বৃদ্ধ যাত্রীকে ডাকাডাকি করেন বাসের সহকারী ও যাত্রীরা।
এ সময় তাকে সিটে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মহাসড়কের নরসিংদীর ভেলানগরে জেলা কারাগারের সামনে বাসটি থামিয়ে উপস্থিত পুলিশকে অবহিত করেন বাসের চালক ও সহকারী। এ সময় পুলিশ আনুমানিক ৭৫ থেকে ৮০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করলেও পরিচয় শনাক্ত করতে পারেনি। তার সঙ্গে কোনো প্রকার কাগজপত্র বা মোবাইল ফোনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি সওগাতুল আলম জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



















