তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু
- আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের দুজনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়। গতকাল বুধবার রাত ৮টার দিকে ছেলের মৃত্যু হয়। এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা।
মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) ও তাঁর মা ময়না বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। গতকাল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন। পরে একই রাতে মারা যায় ময়না বেগম। আজ সকালে সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কবরস্থানে তাঁদের দাফন হয়।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সবুজ মিঞা বলেন, ছেলের মৃত্যুর ঘটনার পর মাত্র আড়াই থেকে তিন ঘণ্টা পরে মা মারা যান। ছেলে কালু শেখ স্ট্রোক করে মারা গেছেন আর তাঁর মা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, কালু শেখের মা ৯৪ বছর বয়সী ময়না বেগম অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। গতকাল রাতে ছেলে কালু শেখের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়।
দৈনিক আস্থা/এমএইচ


















