রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক-১
- আপডেট সময় : ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১০৪১ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক-১
স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে এক মানসিক প্রতিবন্ধী (৫৫) নারীকে ধর্ষণের অভিযোগে মোবারক শেখ (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে তাকে আটক করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে মোবারক শেখকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ভুক্তভোগী প্রতিবন্ধী নারী তার ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পশ্চিম মূলঘর এলাকায় মোবারক শেখের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাবার সময় অভিযুক্ত তাকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানান।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা ধর্ষণ মামলার আসামি হিসেবে মোবারক শেখকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে, রাজবাড়ী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।



















