রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক
- আপডেট সময় : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০৩৫ বার পড়া হয়েছে
রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মা-বাবার দায়ের কুপে মাদকাসক্ত ছেলে সাকিবুল ইসলাম (২৫) নিহত হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তি এলাকারসিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সে পেশায় অটোরিকশাচালক।
পারিবারিক সূত্রের বরাতে পুলিশ জানায়, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক থেকে দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়। কয়েক মাস আগেও তাকে রিহ্যাবে পাঠাতে তাঁর বাবা প্রায় আড়াই লাখ টাকা খরচ করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর সে আবার মাদকাসক্ত ও মাদক বিক্রয়ের সাথে জড়িয়ে পড়েন।
শনিবার দুপুরে সাকিবুলের সঙ্গে তাঁর বাবা-মায়ের কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর মা ধারালো দা দিয়ে ছেলের ঘাড়ে কোপ দিলে গুরুতর জখম হয়। পরে স্থানীয় সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফুয়াদ হাসান বলেন, ঘাড়ে গুরুতর কাটা অবস্থায় সাকিবুলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আস্থাকে বলেন, নিহতের বাবা-মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া ও মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।



















