ঢাকার সঙ্গে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ
- আপডেট সময় : ০৩:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
ঢাকার সঙ্গে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণে ঢাকাগামী ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন। এ ছাড়া ঢাকা থেকে নীলফামারীগামী একটি আন্তঃনগর ট্রেন যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ এলাকায় আটকা পড়ে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ সচল করতে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করবে।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা রেললাইনের সমস্যার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ধাপে ধাপে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ
















