ফ্যামিলি কার্ডের জন্য টাকা নেওয়ায় এনসিপি নেত্রী আটক
- আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৫ বার পড়া হয়েছে
ফ্যামিলি কার্ডের জন্য টাকা নেওয়ায় এনসিপি নেত্রী আটক
সোহরাব আলী/নেত্রকোনা প্রতিনিধিঃ

সাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তার (২২)’কে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। সে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ইসলামসহ একটি চক্র ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন সাদিয়াকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাকে থানায় নেওয়া হয়।
পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বলেন, মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড করে দেবেন বলে সাদিয়া আমাকে জানান। তিনি আরও তিনজনের কাছ থেকে টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবেন বলেছেন। আমার কাছ থেকেও টাকা নিয়েছেন। আজ বিকেলে আরেক মহিলার কাছ থেকে দেড় হাজার টাকা নিতে এলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। আমি এর বিচার চাই।
সাদিয়া ইসলাম এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করে জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয়রা সাদিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আস্থা/এমএইচ



















