স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি
- আপডেট সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি
আস্থা ডেস্কঃ
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে আটক করতে চট্রগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে অভিযান চালানোর ২৪ ঘণ্টা না পেরোতেই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিমকে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) বিকালে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে আবদুর রহিমকে সিটিএসবিতে বদলির কথা জানানো হয়। একই আদেশে আকবরশাহ ও খুলশী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী ওয়াকিল হোসেন ওরফে বগা অবস্থান করছেন এমন গোপন তথ্য পেয়ে সেখানে যায় খুলশী থানা পুলিশ। প্রথমে পুলিশ নগর ভবন ঘিরে ফেলে। পরে বগাকে আটকের জন্য ভবনের ভেতরে প্রবেশ করে।
এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পুলিশকে বাধা দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার ফয়সাল আহমেদ উপস্থিত হন। পরে মেয়রের হস্তক্ষেপে পুলিশ অভিযান বন্ধ করে ফিরে যায় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
চলতি বছরের জুনে একটি সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর ৮ জুন তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
বগা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একটি কিশোর গ্যাং গ্রুপের কথিত বড় ভাই হিসেবে পরিচিত। সম্প্রতি একটি হত্যাকাণ্ডেও তার নাম এসেছে। তাকে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারণে তাকে আটক করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আস্থা/এমএইচ



















