প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩
- আপডেট সময় : ১২:৪৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের সময় বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২২ জুন) রাত দুইটার দিকে তাদের আটক হয়।
জানা যায়, বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধার এবং চেকপোস্ট কাষ্টমসে যাত্রীদের কাছ থেকে সিজারকৃত পন্য বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত ভারতীয় মালামাল, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের পাঠানোর নাম করে পাচারের সময় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১) বুঝাই পণ্যগুলোসহ ৩ জনকে বেনাপোল বাজারে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), কাভার্ড ভ্যানের চালক মহসিন আলী (৩৪) ও হেলপার জাহিদ হাসান (২১)।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানোর নাম করে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকসের ও থ্রি পিচ নিয়ে বন্দরের বেনাপোল বাজার পার হচ্ছে। বেনাপোল-দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানটি আটক করে ক্যাম্পে এনে তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পন্য পাওয়া যায়। উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের হিসাব ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত পন্যের হিসাব এবং সিজারমূল্য নির্ধারণ ও আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, বিজিবি কর্তৃক আটককৃতদের থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে চোরাচালান ও চুরির অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পেছনের সিন্ডিকেট উন্মোচনে পুলিশ কাজ করছে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, ঘটনাটি প্রকাশ পাওয়ার পরপরই প্রাথমিক সত্যতা পাওয়ায় গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ইন্দ্রজিৎ মুখার্জী এবং আরিফসহ ২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ৩ জন সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত হলে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার পাশাপাশি কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক আস্থা/এমএইচ


















