বিএনপি-জামায়াত উত্তেজনা ঠেকাতে গিয়ে আহত ওসি
- আপডেট সময় : ১২:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত উত্তেজনা ঠেকাতে গিয়ে আহত ওসি
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আহত হয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
আজ শনিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আজুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার এশার নামাজের পর স্থানীয় মসজিদে জামায়াতের নেতাকর্মীরা রাজনৈতিক আলোচনা করে বলে অভিযোগ তোলে বিএনপি। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকালে একই সময়ে দুই পক্ষ পৃথক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
আজ শনিবার বিকালে জামায়াতের পূর্ব নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হলে সমাবেশের শেষের দিকে সেখানে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশের একটি দল।
এরই মধ্যে একে অপরের দিকে ছুটে যান দুই দলের নেতাকর্মীরা। এসময় আটকাতে গিয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলামের হাতে আঘাত লাগে এবং ব্যবহৃত মোবাইল ফোন ও হাত ঘড়ি ভেঙ্গে যায়। পরে তাকে মিরপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি শহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা তৎপর রয়েছে।
আস্থা/এমএইচ
















