রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ফের আটক
- আপডেট সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ফের আটক
সাজ্জাদ রায়হানঃ
পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট থাকায় পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।
এর আগে ২০০৮ সালে মজিবর রহমান নামের এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিলেন। ২০১০ সালের ১৮ আগস্ট এই মামলায় সাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ৫৩ লাখ টাকা জরিমানা করেন আদালত। জেলের সাজা মাথায় নিয়ে ১০ বছর ঘুরে বেড়িয়েছেন সাহেদ।
প্রতারণার অভিযোগে বে-সরকারি বিভিন্ন টেলিভিশনে নিয়মিত টক শো করা সাহেদ করিমের বিরুদ্ধে ২০১৮ সালের ৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন উপসচিব মামলা করেন।
মামলায় স্থানীয় সরকার বিভাগের ততকালীন উপ-সচিব মাহাবুবুর রহমান অভিযোগ করেন, রিজেন্ট কেসিএস লিমিটেডের মালিক সাহেদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারক ব্যবহার করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন একটি জাতীয় পত্রিকায়। ডিজিটাল হোল্ডিং অ্যাসেসমেন্ট ও কর আদায় এবং ডিজিটাল নম্বর প্লেট স্থাপন প্রকল্পে সব জেলার ইউনিয়ন পর্যায়ের কর সংগ্রহের জন্য জনবল নিয়োগের আহ্বান করা হয়।
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ১৫ জুলাই মঙ্গলবার সাতক্ষীরার দেবহাটাতে সাহেদকে আটক করা হয়। ১৬ জুলাই বুধবার তাকে হেলিকপ্টার করে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আনা হয়েছিলো আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ ওরফে সাহেদ করিমকে।
২০২৩ সালের ২১ আগস্ট, ১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাহেদকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। পরবর্তীতে ৯৬টি মামলায় জামিন পেয়ে তিনি ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৯৬টিরও বেশি মামলা দায়ের করা হয়।



















