অপ-সাংবাদিকতা রুখতে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ ইউএনও
- আপডেট সময় : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
অপ-সাংবাদিকতা রুখতে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ ইউএনও
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় অভিযোগ করেছেন, সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি তার কাছে কক্সবাজার ভ্রমণের জন্য তিনটি বিমানের টিকিট, পাঁচতারকা হোটেলে তিন রাতের থাকার ব্যবস্থা এবং পরে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবি পূরণ না করায় তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে হেয় প্রতিপন্নের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ইউএনও সাইফুল ইসলাম জয় জানান, ‘অপরাধ বিচিত্রা’ পরিচয়ে শাহিন নামে এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করে কক্সবাজার ভ্রমণের জন্য তিনটি বিমানের টিকিট এবং পাঁচতারকা হোটেলে তিন রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। এতে সাড়া না পেয়ে পরে ওই ব্যক্তি ৫০ হাজার টাকা দাবি করেন। দাবি পূরণ না হলে সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে হেয় করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তীতে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়েও একই ধরনের হুমকি দেওয়া হয় বলে জানান ইউএনও।
তিনি আরও অভিযোগ করেন, দাবির বিষয়ে গুরুত্ব না দেওয়ার পর ওই ব্যক্তি উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে এক শতাংশ তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করেন। তবে ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
ইউএনও বলেন, ‘‘জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল সরকারি বিধিমালা অনুসরণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য উপজেলা প্রশাসন নিয়মিতভাবে প্রকাশ করে এবং স্থানীয় সংসদ সদস্যও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কার্যক্রম তুলে ধরেন।’’
তিনি বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে এ ধরনের ঘটনার শিকার হওয়া সকলের জন্যই উদ্বেগজনক। অপ-সাংবাদিকতার কারণে সৎ ও দায়িত্বশীল কর্মকর্তারা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রয়োজন।
দৈনিক আস্থা/এমএইচ



















