এনসিপির মামলায় ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন
- আপডেট সময় : ০৩:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
এনসিপির মামলায় ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মামলার ১১ জন আসামি।
শুনানি শেষে আদালত মামলার মেডিকেল রিপোর্ট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।
গত ২৮ জুলাই হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাওয়ার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ছাত্র জনতার হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর ২৯ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি যাচাই-বাছাই শেষে ৩০ জুলাই পুলিশ মামলাটি রুজু করে।
মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আশরাফুজ্জামান রিয়াদ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অভি ও রক্সি ইসলামসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমি অসংখ্য মামলার প্রধান আসামি হয়েছি।
অথচ এ ঘটনায় আমি বা আমার সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও আমাকে প্রধান আসামি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অথচ ছাত্র-জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যেই এ মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ















