খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন
- আপডেট সময় : ১২:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ আবদুল মন্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সরকারি কার্যালয় দুটির জানালা খোলা পাওয়া যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায় কিসলু বলেন, পাশাপাশি দুটি কার্যালয়ে আগুন লাগার ঘটনায় মামলা হলে তদন্ত করে প্রকৃত কারণ জানা যাবে।
আস্থা/এমএইচ


















