খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ আটক
- আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০৬০ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ আটক
পটুয়াখালী প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিতে চেয়ে দেশব্যাপী আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (১৪ জুন) সকাল ১১ টার দিকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে আটক করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর লালন পালনের পর গত বছরের কোরবানির ঈদে তিনি গরুটি বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়ার জন্য ঢাকার গুলশানে নিয়ে যান। উপহার হিসেবে গ্রহণ করার পর খালেদা জিয়া গরুটি ফেরত দিয়ে তার পরিবারের কাজে লাগানোর পরামর্শ দেন। এর পর থেকে ৪৫ মন ওজনের গরুটি ২২ লাখ টাকা দাম হেঁকে বিক্রির জন্য ঢাকার উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে গরুটি তোলেন। পরে সিলেটের ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় ক্রয় করেন।
দৈনিক আস্থা/এমএইচ



















