ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৮:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
আস্থা ডেস্কঃ
রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় রিকশাচালক আরিফুল ইসলাম নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন- রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট।
বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে রিকশাচালক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এদের মধ্যে আসামি গোপাল ব্যানার্জিকে গত ১২ মে নওগাঁ থেকে আটক করে র্যাব। গোপাল ৩টি হত্যা মামলার ও মুজাহিদুল ইসলাম সম্রাট ৪টি হত্যা মামলার আসামি। মূলহোতা ফিরোজ শাহ ওরফে মার্ডার ফিরোজের বিরুদ্ধে ৩টি হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মে রংপুর আদালতে একটি মামলায় ‘মার্ডার ফিরোজ’ গ্যাং ও পাঠানপাড়া এলাকার মমিনুল গ্রুপের সদস্যরা হাজিরা দিতে যায়। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে ফিরোজ শাহ ওরফে ‘মার্ডার ফিরোজ’ এর নেতৃত্বে মমিনুল গ্রুপের ওপর হামলা চালানো হয়। এতে মমিনুলসহ কয়েকজন আহত হন।
আদালত থেকে ফেরার পর ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে বদরগঞ্জে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে মমিনুলের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজ গ্যাংকে খুঁজতে থাকে। একই সময় ফিরোজ গ্যাংয়ের লোকেরাও মমিনুল পক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে আম্বিয়ার মোড়ে দাঁড়িয়ে থাকা আরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হয় তার বাড়ি কোথায়। তিনি পাঠানপাড়া গ্রামের কথা বলতেই তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম (২৮) বদরগঞ্জ পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আরিফুল হত্যা মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও আটকের চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক আস্থা/এমএইচ



















