সারা দেশে ইটভাটার ৭৮ শতাংশই অবৈধ
- আপডেট সময় : ১২:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
সারা দেশে ইটভাটার ৭৮ শতাংশই অবৈধ
স্টাফ রিপোর্টারঃ
দেশে ইটভাটার সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন রয়েছে মাত্র ১ হাজার ৬শ ৭৫টির। বিপরীতে ৫ হাজার ৮শ ৫৫টি ইটভাটারই পরিবেশগত ছাড়পত্র কিংবা নবায়ন নেই।
সে হিসেবে দেশের মোট ইটভাটার প্রায় ৭৮ শতাংশই ছাড়পত্রবিহীন বা অবৈধ। এর মধ্যে দেশে থাকা ৬ হাজার ৪শ ৬টি জিগজ্যাগ ভাটার মধ্যে পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন রয়েছে মাত্র ১ হাজার ৬শ ২৫টির।
বাকি ৪ হাজার ৭শ ৮১টিরই নেই ছাড়পত্র বা নবায়ন। সে হিসেবে জিগজ্যাগ ভাটারও প্রায় ৭৫ শতাংশই ছাড়পত্র বা নবায়ন ছাড়াই অবৈধভাবে চলছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য এসেছে কালবেলার হাতে।
তথ্য বলছে, পরিবেশগত মান উন্নয়নে পোড়ানো ইট ও ব্লকের ব্যবহার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের তৈরি ‘পরিবেশগত মান উন্নয়নে পোড়ানো ইট ও ব্লকের ব্যবহারবিষয়ক কর্মকৌশল’ শীর্ষক একটি নীতিপত্রে এসব তথ্য উঠে এসেছে।
৯ পৃষ্ঠার ওই নথিতে একই সঙ্গে ইটভাটার কারণে কৃষিজমির টপসয়েল নষ্ট, ফসল উৎপাদন কমে যাওয়া, বায়ুদূষণ, কয়লায় সালফারের ব্যবহার এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের তথ্য তুলে ধরে আগামী কয়েক বছরের জন্য ইটভাটা বন্ধ ও রূপান্তরের একটি কর্মপরিকল্পনাও প্রস্তাব করা হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে সেই কর্মপরিকল্পনার একটি কপি কালবেলার হাতে এসেছে।
জনবসতিপূর্ণ এলাকার ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও ভাটাই জনবসতিপূর্ণ এলাকার মধ্যে। ফলে এখানে বসবাসকারীদের নানা ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। এ ছাড়া, ফসলি জমির ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনে আইনি নিষেধাজ্ঞা থাকলেও এখানকার সব ইটভাটাই ফসলি জমিতে। এ চিত্রটি সারা দেশের।
আস্থা/এমএইচ
















