রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ
- আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
বন্যা পরবর্তী রাঙামাটিতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ১০দিনের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি, প্রাণিসম্পদ, সড়ক ও মৎস্য খাতে| এছাড়া ঘরবাড়ি, শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান, দোকান-পাট, হাট- বাজার। নিঃশ্ব হয়েছেন কৃষক ও খামারীরা, চরম দূর্ভোগে সাধারণ মানুষ।
গত ৭ জুলাই থেকে রাঙামাটি টানা বর্ষণে ও উজানের ঢলের পানিতে রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকলসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিভিন্ন নদীর পানি বৃদ্ধিসহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি কমে আসার পর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি চিত্র।
জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী, রাঙামাটি জেলায় এবারের বন্যায় আনুমানিক ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮ হাজার ৭শ ১৭ জন। সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে বাঘাইছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলার একটা ইউনিয়ন।
একই সঙ্গে ভূমিধসের কারণে বহু গুরুত্বপূর্ণ রাস্তাঘাট আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে জেলা সদরের সাথে আন্তঃজেলা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখনও অনেক জায়গায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, জেলার ১০টি উপজেলায় ৩ হাজার ৬শ ৭৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে জেলার ১০ উপজেলার ২৬টি ইউনিয়নের হাজারো প্রান্তিক খামারির ১ কোটি ৫৪ লাখ ৪২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। “ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মাঠ পর্যায়ে ভেটেরিনারি মেডিকেল টিম টিকাদান, চিকিৎসাসেবা ও জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির আওতাধীন সড়কের ২৬টি স্থানে প্রায় আড়াই কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে সড়ক বিভাগের ক্ষতি প্রায় ৯ কোটি টাকা।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে প্রশাসন। আমরা বন্যা উত্তর ক্ষয়-ক্ষতি সেক্টর ওয়ারী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিরুপন করে তাদেরকে সাধ্যমত সহযোগিতার একান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা রাখি সরকারের সহযোগিতায় আবারো ঘুরে দাঁড়াবে বানভাসী এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষ।


















